সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ নাছিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এর আগে, সোমবার চবির অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ৩১৩ নম্বর কক্ষে গিয়ে হল ছাত্রসংসদের ভিপি রিপুল চাকমাকে ‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নাছিম উদ্দিনের বিরুদ্ধে।
নাছিম উদ্দিন অবশ্য হুমকি দেওয়ার কথা স্বীকার করে দাবি করেছেন, ঘটনাটি ‘হিট অব দ্য মোমেন্ট’-এ ঘটেছে। তার অভিযোগ, ওই সময় রিপুল চাকমা তাকে ও তার মাকে বাজে ভাষায় গালিগালাজ করেছিলেন।