জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি সদ্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী তার পক্ষে এই ফরম নেন।
পয়গাম আলী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিন ছাড়া বিএনপির অন্য কোনো নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
ঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার সংগৃহীত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিএনপির মনোনয়ন বোর্ড।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য হয়।
মনোনয়নপত্র সংগ্রহের পর পয়গাম আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বিজয়ী করেছিল। তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এলাকার ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে এবং রাষ্ট্রপতির অসমাপ্ত কাজগুলো শেষ করতে তার যোগ্য উত্তরসূরি হিসেবে মির্জা ফয়সল আমিনের বিকল্প নেই।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।