Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে নির্মিত ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ চালু করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। শাটল ট্রাকার অ্যাপ থেকে সহজেই শাটল ট্রেনের লাইভ অবস্থান জানতে পারবেন শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আয়ুবুর রহমান তৌফিক, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। 

উপাচার্য বলেন, ‘আমরা সবসময় চাকসুর পাশে আছি। আজকের দিনটি সত্যিই বিশেষ। চাকসু শিক্ষার্থীদের সুবিধার্থে খুবই উপকারী একটি অ্যাপ ডেভেলপ করেছে, যার নাম দেওয়া হয়েছে শাটল ট্রেন ট্র্যাকার। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তারা সম্পূর্ণ ছাত্রকল্যাণমুখী একটি পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান লোকেশন করতে পারে, সেজন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। যেসব ডেভেলপার এই দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করে বিষয়টিকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।’

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘অনেক দিন পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত শাটল ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে শাটলের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষার্থীদের সময় অপচয় রোধ হবে। শিক্ষার্থীরা শাটলের লাইভ লোকেশন জানতে পারবে। এই উদ্যোগের জন্য চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’