Image description
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ভুল ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রফিক মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন। খেলা চলাকালে রফিক হঠাৎ তাদের ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করেন। এতে সালমান ও বশির উত্তেজিত হয়ে তাকে খেলায় নাক না গলাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।
 
একপর্যায়ে মাহফুজ মিয়া ও ধলু মিয়া নামের স্থানীয় দুই ব্যক্তি সেখানে গিয়ে তাদের শান্ত করেন এবং বিরোধ মীমাংসা করে দেন। তবে এর মাত্র পাঁচ মিনিট পর সালমান আবার ক্ষিপ্ত হয়ে রফিকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
 
স্থানীয় সূত্রের ভাষ্য, সালমান রফিকের গলা চেপে ধরেন। একপর্যায়ে শ্বাসরোধের পাশাপাশি তাকে উপর্যুপরি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়া হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, ‘বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই সে মারা যায়।’
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।