সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দেশটির বেসামরিক ও সামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। বৃহস্পতিবার আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ১১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত সব বেসামরিক ও সামরিক উড়োজাহাজের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার মধ্যরাত থেকে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সংযুক্ত আরব আমিরাত থেকে আলজিয়ার্সের হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত হওয়ায় ওই সময় পর্যন্ত এই ফ্লাইট চলাচল করতে পারবে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় আলজেরিয়া। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত বলেছে, তারা সব দেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সংযুক্ত আরব আমিরাত আশা প্রকাশ করে বলেছে, আলজেরিয়ার এ সিদ্ধান্ত সাময়িক হবে এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন থাকবে।
সূত্র: শাফাক নিউজ