Image description

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান বিরোধী দল সংসদে ভেজা বিড়ালের মতো আচরণ করে। অন্যদিকে বাইরে গেলে আবার বাঘ হওয়ার চেষ্টা করে। আসলে কোনটা সত্য বোঝা মুশকিল।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের এক কমিউনিটি সেন্টারে দলের জেলা কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, জামায়াতকে দেশের মানুষ সত্যিকার অর্থে বিরোধী দল মনে করে না। সাধারণ মানুষকে বোঝানোর জন্য দলটি যৌক্তিক কারণে যেমন ওয়াকআউট করে, তেমনি অযৌক্তিক কারণেও ওয়াকআউট করে। শুধু তাই নয়, তারা দেশব্যাপী লং মার্চ করেছে। তারা বলছে- সরকার দেশ চালাতে ব্যর্থ। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের পতন ঘটাবে।

তিনি বলেন, বিরোধী দলকে বলতে চাই, সরকারের পতন ঘটলে কি আপনারা ক্ষমতায় আসতে পারবেন? কিংবা সরকার গঠন করতে পারবেন? বরং আপনারা সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছেন। একই সঙ্গে প্রশ্ন জাগছে, বিরোধী দল এসব করে পরাজিত ফ্যাসিস্টদের জমিন তৈরি করে দিচ্ছে।

 

তার ভাষ্য, রংপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন চলছে। এসব কারণে বিএনপির বদনাম হচ্ছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারিত্ব যারা করে তাদের রাজনৈতিক বিবেচনায় নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি সরকারের ৬-৭ মাস হয়েছে। তাই মানুষ এখন কাজ দেখতে চায়, কোনও অজুহাত শুনতে চায় না। মানুষ এখন পর্যন্ত ধৈর্য্য ধরে আছে। বিএনপিকে মানুষ সময় দিচ্ছে। ইতিমধ্যে পুঞ্জিভুত ক্ষোভ দানা বাধছে। সুতরাং রাস্তায় এই ক্ষোভ নামার আগেই দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে নিয়ে আসেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সম্মেলনে দলের নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবর খান, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, মাসুদুর রহমানসহ অন্যান্য নেতারা।