চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা পালিয়ে যান।
বুধবার সন্ধ্যায় মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামের ওই ছাত্রদল নেতার বাসায় ক্রেতা সেজে অভিযান চালায় পুলিশ। তবে শাকিল পালিয়ে গেলে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, মোহাম্মদ আবু শাকিল বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বুধবার সন্ধ্যার দিকে বন্দর থানার কে বি দোভাষ লেন এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় শাকিলের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকে পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল। পরে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে ওই বাড়িতে গেলে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘মাদক কেনাবেচার জন্য অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এ ঘটনার পর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘বেশ কিছু সংবাদমাধ্যমে আমরা এ সংক্রান্ত একটি সংবাদ দেখেছি। এরপর আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’