Image description

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে লংমার্চ যাত্রা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে সভা শেষে রাতে লালদীঘি ময়দানে হবে সমাপনী সমাবেশ। লংমার্চ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। 

 

সবশেষ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হওয়া সমাবেশস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ নেতৃবৃন্দ। 

 

 

 

কিন্তু শাপলা চত্বর থেকেই কেন লংমার্চ শুরু করছে জামায়াতে ইসলামী সেই বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রাজধানীর শাপলা চত্ত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমনই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, অসংখ্য আন্দোলন সংগ্রামে সুতিকাগার ঐতিহাসিক শাপলা চত্বর থেকে লংমার্চের শুভ সূচনা হয়ে চট্টগ্রামের লাল দিঘী ময়দান গিয়ে শেষ হবে।

তিনি আরো জানান, ১১ দলীয় ঐক্যের ছয় দফা জনগণের অধিকার আদায়ের ঐতিহাসিক দাবি। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ শেষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু হবে।

১১ দলীয় নেতারা জানান, রাজধানীর শাপলা চত্ত্বরে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জোটের বড় বড় আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে। হেফাজতে ইসলামের সমাবেশের জন্যও স্থানটি বেশ আলোচিত। সর্বোপরি লংমার্চের যাত্রার সুবিধার্থে এই স্থানে জনসভার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।