Image description

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপিকে ধ্বংস করে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল।

বুধবার সন্ধ্যায় দশমিনা উপজেলার সদর রোডে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বাদল বলেন, বুধবার গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ থেকে আগত গণঅধিকার পরিষদের একটি সন্ত্রাসী বাহিনী দফায় দফায় হামলা চালিয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তার অভিযোগ, দশমিনা-গলাচিপা বিএনপির নেতৃত্ব একটি কুচক্রী মহলের হাতে চলে যাওয়ায় দলকে ব্যবহার করে বিভিন্ন ধরনের লুটপাট, চর দখল, জমি দখল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি টিউবওয়েল বরাদ্দ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

 

লিখিত বক্তব্যে হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দশমিনা-গলাচিপায় ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব মাস্টার, দশমিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক জহির প্যাদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মহল্লাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস প্রমুখ। 

এদিকে অভিযোগের বিষয়ে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন জানান, গণঅধিকার পরিষদ বিএনপির শরিক দল। বিএনপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো মিথ্যা ও বানোয়াট।