Image description

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী।

 

এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মেহেদী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়ার্ড ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে ওই বিএনপি নেতাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ হওয়ার পর জেলাজুড়ে তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির ধারণের সময় বা স্থান নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

 

অভিযোগের বিষয়ে জানতে মো. মেহেদী হাসান মামুনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

 

বহিষ্কারের বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে কাউকে কোনো অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে না।

 

মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শামীম মৃধা বলেন, বহিষ্কারের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। শুধু এটিই নয়, দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্তই আমাকে জানানো হয় না।