Image description

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনদিন আগে তাকে কারাগারে আনা হয় বলে কারা কর্মকর্তারা জানালেন।

আজ বুধবার দুপুরে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নুরুল ইসলাম (৫৫) চট্টগ্রামের মীরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ আগামীর সময়কে জানালেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে নেওয়া হয়। দুপুর ২টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে চমেক হাসপাতালের চিকিৎসকদের মতামতের বরাতে জানালেন জেলার।