কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কোস্টগার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করার পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ ও শাহপরীর কোস্টগার্ড সদস্যরা জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপসংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়াবনে দুটি কাঠের বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের আরেকটি দল। সেখানে এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্টগার্ডের কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা মাদক, বিদেশি মদ ও জব্দ করা দুটি কাঠের বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রম শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।