সম্প্রতি কিছু গণমাধ্যম ও অনলাইন পোর্টালে ‘ব্যান্ডউইডথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা’ এবং ‘ব্যান্ডউইডথ সংকটে বাড়তে পারে ইন্টারনেটের দাম, কমতে পারে গতি’ শীর্ষক খবর প্রকাশিত হয়। দেশে ব্যান্ডউইডথ ঘাটতি, ইন্টারনেটের গতি হ্রাস ও দাম বাড়ার বিষয়ে প্রচারিত এসব সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বাস্তবতা বিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবং দেশের সুদৃঢ় ব্যান্ডউইডথ অবকাঠামো ও সক্ষমতার প্রকৃত চিত্র তুলে ধরে বুধবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসিপিএলসির বিদ্যমান দুটি সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪’ এবং ‘সি-মি-উই-৫’-এর সম্মিলিত ব্যান্ডউইডথ সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস। এর মধ্যে প্রায় ৪,০০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং আরও প্রায় ৩,২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া বর্তমানে বাস্তবায়নাধীন ‘সি-মি-উই-৬’ ক্যাবলটি ২০২৭ সালে চালু হলে আরও ৩৪,০০০ জিবিপিএস ব্যান্ডউইডথ যুক্ত হবে। এর ফলে ২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবলগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে ৪১,০০০ জিবিপিএস।
সি-মি-উই হলো ‘সাউথ ইস্ট এশিয়া–মিডল ইস্ট–ওয়েস্টার্ন ইউরোপ’; যা দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপকে সংযুক্তকারী একটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক কনসোর্টিয়াম।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিটিআরসির প্রক্ষেপণ অনুযায়ী ২০৩০ সালে দেশে মোট ব্যান্ডউইডথ চাহিদা হবে ৩০,০০০ জিবিপিএস, যা বিএসসিপিএলসির সক্ষমতার চেয়ে অনেক কম। পাশাপাশি ৬টি আইটিসি (আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরের মাধ্যমে চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে বিএসসিপিএলসি চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার কার্যক্রমও শুরু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি নিশ্চিত করেছে যে, দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে সংস্থাটি পুরোপুরি প্রস্তুত। আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও সংকটের কোনো সম্ভাবনা নেই। বিএসসিপিএলসি ইতোমধ্যে ব্যান্ডউইডথের ধারাবাহিক মূল্যহ্রাসসহ গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজ চালু করেছে, যা ইন্টারনেটকে আরও সাশ্রয়ী করেছে। ভবিষ্যতে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও কম মূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ নিশ্চিত করবে।