Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষে গঠিত ‘Elite Group Serajuddin and Rabeya Seraj Trust Fund’-এ দুই কোটি টাকা অনুদান দিয়েছে এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

বুধবার (২ সেপ্টেম্বর) প্রাথমিকভাবে এক কোটি টাকার একটি চেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি এক কোটি টাকা আগামী ছয় মাস পর হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাহেদুর সিরাজ, পরিচালক শাদান সিরাজ, মো. মামুন-উর-রশীদ, সুরমা চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘Elite Group Serajuddin and Rabeya Seraj Trust Fund’-এর আওতায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেওয়া হবে। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ বৃত্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

ট্রাস্ট ফান্ডটি গঠনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রশীদ বিশেষ ভূমিকা পালন করেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। 

TravelGuides & Travelogues

 

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, এলিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হলে তারা অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাবে। একই সঙ্গে এ অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেসরকারি খাতের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিট গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।