চট্টগ্রামের পটিয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই ঘরে দ্বিতীয়বার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। একই বাড়িতে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম নগরে বসবাস করেন। পটিয়ার বাড়িতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় বর্তমানে সাবেক এমপির ভাগনে আজাদ বাড়িটিতে অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোররা ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে।
সাবেক এমপি নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম বলেন, ‘চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, মূল্যবান পিতলের বিভিন্ন সামগ্রী, জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এছাড়া পরিবারের পুরোনো বিভিন্ন স্মৃতিচিহ্নও চুরি হয়েছে। মাত্র ১৫ দিন আগেও একই ঘরে চুরি হয়েছিল।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘বাড়িটি পরিত্যক্ত। চুরির বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’