Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদের। সেখানে দেখা যায়, সুইমিং পুলের নীল পানিতে পা ডুবিয়ে সময় কাটাচ্ছেন তিনি। তার সঙ্গে আছেন বয়সে অনেক ছোট তরুণী প্রিসিলা ডি কস্তা। মামুনুর রশীদকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

ছবিগুলো প্রথম দেখায় মনে হচ্ছে, তারা অসম বয়সী কোনও প্রেমিক জুটি। আবার কারও কারও মন্তব্য— তাহলে কি নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মামুনুর রশীদ?

তবে বাস্তবতা ভিন্ন। মামুনুর রশীদ বিয়ে করেননি, নতুন কোনও সম্পর্কেও জড়াননি। ভাইরাল হওয়া ছবিগুলো আসলে ‘আমরা ভাইরাল’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের একটি দৃশ্য।

আল আমিন স্বপনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এতে মামুনুর রশীদের বিপরীতে অভিনয় করেন প্রিসিলা ডি কস্তা। গল্পে দেখা যাবে, হাঁটুর বয়সী এক তরুণী প্রিসিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামুনুর রশীদ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট তৈরি করতে গিয়ে ঘটতে থাকে তাদের নানা ঘটনা।

 

নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘নাটকের গল্পটি অন্যরকম। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে নির্মাতা ভিন্নভাবে তুলে ধরেছেন। অনেক দিন পর এ ধরনের একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও তারা উপভোগ করবেন।’

নির্মাতা বাবু জানিয়েছেন, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বেশ কিছু চরিত্রকে কেন্দ্র করে এ নাটকের গল্প এগিয়েছে ।