Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান ও বিএনপি থেকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া ইসহাক সরকারের ছোট ভাই বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার। তাদের যোগদানের প্রসঙ্গ টেনে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

 

বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ২টা ৩৫ মিনিটে তিনি এ পোস্ট দেন। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

 

জামায়াতে যোগদান করা অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে ২০০৪ সালে অর্থের বিনিময়ে জামিনের আশ্বাসের অভিযোগে অপসারণ করা হয়। পরবর্তীতে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। কিন্তু ২০১৫ সালেও তার অপসারণ করে দেওয়া রাষ্ট্রপতির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এবার তিনি জামায়াতে যোগদান করে অতীতের সমস্ত বিতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। জামায়াতকে ধন্যবাদ যে, জামায়াত অপরাধী ও বিতর্কিতদের পুনর্বাসন করে সঠিক পথে আনার উদ্যোগ নিয়েছে।

 

 

আবার শুনলাম, এনসিপি নেতা ইসহাক সরকারের এক ভাই ৩৬ বছর ধরে মানুষ হতে না পারলেও জামায়াতে যোগদান করার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেছে মর্মে বক্তব্য দিয়েছেন। জামায়াতের এ আলাদিনের চেরাগ দেখার খুব ইচ্ছে। সেখানে কি জাদু আছে যে, মুহূর্তের মধ্যে একজন অপরাধীও পাপ মুক্ত মানুষ হয়ে যায়। ভোটের আগে জান্নাতের টিকিটের মতোন জামায়াত বর্তমানে ‘অপরাধী পাপ মুক্তকরণ টিকিট’ চালু করেছে বলে মনে হচ্ছে। তবে এটা অবশ্য ইতিবাচক যে, সব অপরাধী যদি জামায়াতে গিয়ে ভাল মানুষ হয়ে যায়। তাও দেশটা অপরাধী মুক্ত হবে।

 

এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীতে যোগ দেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন। তাদের মধ্যে অন্যতম সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান ও ইয়াকুব সরকার।