Image description

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল তার ভাইকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত তুষভান্ডার আরএমএমপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ দাবি জানান তিনি।

বাবুল অভিযোগ করেন, তার ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তাই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

তিনি বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। কেউ ব্যক্তিস্বার্থে এমন কোনো কর্মকাণ্ড করতে পারবেন না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে পরিচয় বা সম্পর্ক বিবেচনা না করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’

 

জাহাঙ্গীরের বিরুদ্ধে বিগত ছয় মাস ধরে দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না। দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।’

এমপি বাবুলের ভাষ্য, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে জাহাঙ্গীর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট করেছেন। জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নিয়েছেন, আবার কখনো জামায়াতের সঙ্গে জোটও বেঁধেছেন। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।’

এ সময় লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিএনপির কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম তার নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।