Image description

নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার বিকালে ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন এবং দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

শোকবইয়ে সাক্ষরের পর মিয়া গোলাম পরওয়ার ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে রাষ্ট্রদূত সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন। একইসঙ্গে এই দুর্যোগের সূচনা থেকেই জামায়াতের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও আন্তরিকভাবে সহানুভূতি ব্যক্ত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সকল মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে মানবিক ঐতিহ্য দুই দেশের মধ্যে রয়েছে, এই দুঃসময়ে তা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।