আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্তাধীন মামলায় জামিন চেয়েছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। তাঁর জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন জানায়, মামলাটিতে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে তদন্ত শেষ না হওয়ায় আরও সময় চাওয়া হয়েছে। একই সঙ্গে আসামিপক্ষের করা জামিন আবেদনের শুনানির কথা থাকলেও পূর্ণ বেঞ্চ না থাকায় তা হয়নি। পরে শুনানির জন্য ৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়।
মামুন খালেদের আইনজীবী ওবায়দুল্লাহ ইমন জানান, গত ২৪ আগস্ট তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল।
মঙ্গলবার শুনানির দিন থাকলেও একজন বিচারক থাকায় শুনানি সম্ভব হয়নি। ৬ সেপ্টেম্বর পূর্ণ বেঞ্চে শুনানি হলে জামিন পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।
এর আগে ১৩ এপ্রিল মামুন খালেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২।
চলতি বছরের ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন শেখ মামুন খালেদ।
এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
শীর্ষনিউজ