ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা শেহরিন আমিন ভুঁইয়ার (মোনামী) ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা তার অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশের অভিযোগ উঠেছে। এসব তথ্য ছড়িয়ে পড়ার পর অচেনা নম্বর থেকে ফোন করে তাকে বাজে কথা ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। বাসার ঠিকানা প্রকাশ্যে আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই শিক্ষক। নিরাপত্তাহীনতার মাঝেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
রবিবার (৩০ আগস্ট) শাহবাগ তিনি জিডিটি করেন। জিডি সূত্রে জানা যায়, তার অনুমতি ছাড়া ফেসবুকে মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এরপর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে তাকে ফোন করা হচ্ছে। ফোনে নানা ধরনের বাজে কথা বলার পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে ওই শিক্ষক উল্লেখ করেন, বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় নিজের বাসভবনে থাকাকেও তিনি অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় জিডি করেন।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।