কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধূরীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একদল পুলিশ পৌর সদরের সায়মা প্লাজা থেকে তাকে আটক করে।
এ সময় তিনি ওই স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলাপচারিতায় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী মামলায় তাকে আটক করা হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি তিনি।
সাবেক পৌর মেয়র আলমগীর চৌধূরীর শ্যালক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, আমার বোন জামাই মেয়র সাহেবের আজ শনিবার রাতে ঢাকা যাওয়ার কথা ছিল। তার আগে তিনি সায়মা প্লাজায় বসে রেস্ট নিচ্ছিলেন। গাড়িতে ওঠার আগে হঠাৎ করে রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একদল পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়।
শ্যালক সোহেল আরও বলেন, তাকে কী মামলায় পুলিশ আটক করেছে, তা ধারণা করতে পারছি না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশের অভিযানে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধূরীকে আটক করা হয়েছে। তবে কী মামলায় তাকে আটক করা হয়েছে, সেটি সোমবার সকালে জানানো হবে বলেও জানান তিনি।