যুক্তরাষ্ট্রে গিয়ে আড়াই বছর ধরে দেশে না ফেরায় হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসানকে স্থায়ী বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতালে আকস্মিক পরির্দশনের সময় এই নির্দেশ দেন তিনি।
জানা গেছে, ডা. মেহেদী হাসান দীর্ঘদিন হাসপাতালে উপস্থিত না হওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শনিবার আকস্মিক পরিদর্শনকালে তাকে না পেয়ে স্থায়ী বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
এদিন ঝটিকা পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বাস্তব চিত্র, হাসপাতালের ব্যবস্থাপনা ও নানা অনিয়মের বিষয়ে সরাসরি খোঁজ নেন। ডা. মেহেদী হাসানকে স্থায়ী বরখাস্তের নির্দেশের পাশাপাশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক রিলিজের নির্দেশ দেন তিনি। তখন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম তাকে স্ট্যান্ড রিলিজ করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।