Image description

২০২১ সালে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে তাকে পরিকল্পিতভাবে হত্যার নীলনকশা করা হয়েছিল। তবে সেই ষড়যন্ত্রে ষড়যন্ত্রকারীরাই ফেঁসে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ খেলাফতে মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মামুনুল হক জানান, সেদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য ষড়যন্ত্রকারীরা আকুতি-মিনতি করেছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। তারা বাড়িঘর ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেছেন, তৌহিদী জনতার কণ্ঠরোধ করতে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল। বর্তমান সরকার এসব মামলা প্রত্যাহার করেছে। ২০২১ সালের রয়েল রিসোর্টের মামলাসহ হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে।

রয়েল রিসোর্টের ঘটনায় করা মামলায় খেলাফতে মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছিল উল্লেখ করে মামুনুল হক জানান, তিনি কারাবরণ ও অমানবিক নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে তিনি নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।

এ সময় খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।