প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ব্রিকস বা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্মের ফাঁকে নয়, বরং একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের কার্যালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম সফরটি দ্বিপক্ষীয় হওয়া উচিত।
বাংলাদেশ ও ভারতকে গুরুত্বপূর্ণ দুটি দেশ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, যেকোনো সফরের আগে স্পষ্ট লক্ষ্য ও ফলাফল থাকা প্রয়োজন।
তিনি বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ করতে হবে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে তুলনামূলক ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। একই সঙ্গে ভারতের পক্ষেও একটি উপলব্ধি তৈরি হয়েছে যে, ৫ আগস্টের ঘটনাবলি বাংলাদেশের মানুষের অনুভূতিতে গভীর প্রভাব ফেলেছে।
হুমায়ুন কবির বলেন, ভারত যদি সত্যিই সম্পর্ক পুনর্গঠনের কথা বলে, তাহলে তাকে আজকের বাংলাদেশকে বুঝতে হবে।
তিনি বলেন, আজকের বাংলাদেশে শেখ হাসিনা বা তার দলের মতো কোনো সন্ত্রাসী শক্তির অস্তিত্ব নেই। এই বাস্তবতাকে স্বীকার করেই আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।