Image description

খুলনা মহানগরীতে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই এলাকায় গুলিতে ২ যুবকের নিহতের ঘটনা নগরবাসীকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. মনজুরুল  ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হরিণটানা ৮০ বিঘা কালভার্ট এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটায়। এ হত্যাকাণ্ডের মাত্র ৩ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে নাজমুল (২৫) নামের আরেক যুবককে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি গলির মধ্যে গিয়ে তার মৃত্যু হয়। নিহত মনজুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে সংশ্লিষ্ট থানার ওসি উপস্থিত রয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

খুলনা মহানগরীর লবণচরা থানার একই এলাকার হরিণটানা ৮০ বিঘা কালভার্টের কাছে একই দিনে ফের গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাজমুল (২৫) নামের ওই যুবককে গুলি করা হয়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ মোশারফ হোসেন বলেন, কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। গুলিতে নিহত যুবকের নাম নাজমুল এটুকু জানা গেছে।’ এর আগে, একই দিন বিকাল পৌনে ৬টার দিকে একই এলাকায় সুজন হাওলাদারের চায়ের দোকানের সামনে রাজমিস্ত্রি মো. মনজুরুল ইসলাম মঞ্জু (২৩)-এর ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী আল-আমিন হাসান সাইফির নেতৃত্বে কালা রায়হান, শামীম, ফারদিনসহ ৮-১০ জন সন্ত্রাসী মনজুরুলের ওপর গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত মনজুরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে। এদিকে নিহত দুই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।