Image description

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, পদ্মা সেতুর উপর দিয়ে যখন মাদারীপুরে আমার গ্রামে যাই, ডানে তাকাই দেখি— চর, বামে তাকালেও দেখি চর। নিচে তাকালে চোখে পড়ে শুধু চর আর চর। পদ্মার ঢেউ আর খুঁজে পাওয়া যায় না। মানুষের যেমন কোমর, ঘাড়, হাঁটু ভেঙে দিলে কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনই নদীর উপরে ব্রিজ করলে নদীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে তিনি বুড়িগঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি এসব কথা বলেন।

এসময় খোকন তালুকদার বলেন, আমি মনে করি— দ্বিতীয় পদ্মা সেতু না করে সেটা যদি টানেল হয়, তাহলে নদীটাও বাঁচবে, মানুষও উপকৃত হবে। ৪০ হাজার কোটি টাকা দিয়ে আপনি একটি ব্রিজ করতে পারবেন। কিন্তু ৪০ কোটি টাকা দিয়ে আপনি কিন্তু একটা পদ্মা নদী বানাতে পারবেন না। এজন্য এটার রক্ষার দায়িত্বও কিন্তু আমাদেরই।

তিনি আরও বলেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করে দিয়েছেন, আর মানুষকে সেরা বানিয়ে দিয়েছেন। অতএব এই সম্পদকে ভোগ ও বাস উপযোগী করার জন্য আমাদেরকেই রক্ষা করতে হবে। যখনই এই নদীর ওপরে কোনো আঘাত আসবে তখন সেই নদীর পাশে গিয়ে দাঁড়াবে সরকার এবং যারা কাজ করছেন তারা।