বর্তমান গ্যাস সংকট বিবেচনায় পূর্বঘোষিত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং চলমান জাতীয় গ্যাস সংকট বিবেচনায় সরকারের প্রতি সহযোগিতার অংশ হিসেবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ২৩ আগস্ট থেকে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
সংগঠনটির দাবি, সিএনজি বিক্রয় কমিশন বাড়ানো, জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়, বর্ধিত জামানত প্রথা বাতিল এবং বিভিন্ন সরকারি ফি যৌক্তিক করতে হবে।
তারা আশা করছে, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সরকার এসব দাবি পূরণের পাশাপাশি সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেবে।