Image description
পর্দার নায়ক যেন এবার আসল জীবনের নায়ক। দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতির ময়দানে নেমেও একের পর এক চমক দেখাচ্ছেন। চলতি বছরের নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই কৃষকদের জন্য দিলেন বড় সুখবর।
 
ঋণের বোঝায় জর্জরিত কৃষকদের কিছুটা স্বস্তি দিতে ঘোষণা করলেন প্রায় ১৪ লাখ ৪৪ হাজার কৃষকের কৃষিঋণ মওকুফের। শুধু তাই নয়, আগে সর্বোচ্চ ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের যে সীমা ছিল, তা বাড়িয়ে ৭৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি।
 
সোমবার (১৭ আগস্ট) ভারতের বিধানসভায় ১১০ নম্বর বিধির আওতায় এই ঘোষণা দেন বিজয়। তার নেতৃত্বাধীন জোট সরকারের ১০০ দিন পূর্তির দিনেই কৃষকদের জন্য আসে এই সুখবর।
 
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণ নেওয়া ২ লাখ ৩৮ হাজার ২৬৪ জন কৃষক অতিরিক্ত ঋণ মওকুফের সুবিধা পাবেন। আগে যারা ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন, তাদের অনেকেই এবার অতিরিক্ত সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত মওকুফের সুযোগ পাবেন।
 
এই অতিরিক্ত ঋণ মওকুফ বাস্তবায়নে তামিলনাড়ু সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৯৫৩ কোটি ৬ লাখ রুপি।
 
সব মিলিয়ে প্রায় ১৪ লাখ ৪৪ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবেন। তাঁদের জন্য সরকারের মোট ব্যয় হবে প্রায় ৬ হাজার ২২০ কোটি রুপি।
 
কৃষকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন ঋণ মওকুফের নিয়ম সংশোধনের জন্য আদেশ জারি করা হয়েছিল বলেও জানান বিজয়। কৃষকদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘তামিলনাড়ুর কৃষকদের কল্যাণেই আমাদের কল্যাণ।’ কৃষকদের স্বার্থে সরকার এই অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতেও প্রস্তুত বলে জানান তিনি।
 
এর আগে কৃষিঋণ মওকুফের অর্থ কয়েক বছর ধরে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করত সরকার। ২০২১ সালের কৃষিঋণ মওকুফের অর্থও ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ১২ কিস্তিতে সমবায় ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে।
 
তবে ভারতের রিজার্ভ ব্যাংকের ২০২৫ সালের নির্দেশনা অনুযায়ী, এখন ঋণ মওকুফের পুরো অর্থ ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করতে হবে। নতুন সিদ্ধান্তে তাই কৃষকদের পাশাপাশি সরকারের ওপরও তৈরি হয়েছে বড় আর্থিক দায়।
 
পর্দায় নায়ক হিসেবে দর্শকের মন জয় করার পর এবার রাজনীতির মঞ্চেও কৃষকদের পাশে দাঁড়িয়ে সেই ‘নায়ক’ পরিচয়ই যেন নতুন করে তুলে ধরছেন বিজয়। কৃষকের ঋণের বোঝা কমিয়ে তাদের ঘরে স্বস্তি ফেরানোই এখন তার সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
 
দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে