নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে আগামী ২৬ আগস্ট প্রতিনিধি সভায় উপস্থিত হয়ে সংসদ সদস্যদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে হবে। স্পিকার ডোল প্রসাদ আরিয়াল এ বিষয়ে নির্দেশ দেওয়ার পর দীর্ঘদিন ধরে চলা সংসদীয় বিরোধের অবসানের পথ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর নিয়মিত প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ ছিল। বিশেষ করে গত ৩১ মে সংসদে নেপাল-ভারত সীমান্ত নিয়ে বালেন শাহের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দাবি করে আসছিল বিরোধীরা।
ওই বক্তব্যের পর প্রধানমন্ত্রীর কাছে তার দাবির পক্ষে প্রমাণ ও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। এ নিয়ে সংসদে বিরোধী সদস্যদের প্রতিবাদও চলছিল। স্পিকারের নির্দেশের পর সেই প্রতিবাদ শেষ হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিনের এই অচলাবস্থার পর প্রধানমন্ত্রীর সংসদে সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়াকে নেপালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
স্পিকার জানিয়েছেন, ২৬ আগস্টের প্রশ্নোত্তর পর্বে সংসদে থাকা প্রতিটি রাজনৈতিক দলের অন্তত একজন সদস্য প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পাবেন। এছাড়া দলগুলোর সংসদীয় শক্তির অনুপাতে আরও কয়েকটি প্রশ্ন নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও জানানো হয়েছে, সংসদ সদস্যদের সম্ভাব্য প্রশ্নের উত্তর প্রস্তুতের কাজ চলছে। ফলে ২৬ আগস্টের অধিবেশন শুধু নিয়মিত প্রশ্নোত্তর পর্ব নয়, বরং বালেন শাহ সরকারের জবাবদিহি ও সংসদের সঙ্গে সরকারের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে।