বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন কাশেমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মনির হোসেন সুমন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ আগস্ট খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মামলাটি করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। ওই সময় রাজধানীর কারওয়ান বাজারে বাপেক্স ভবনের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার গাড়িবহরে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।