Image description

সুনামগঞ্জের ধর্মপাশায় বিলের পানিতে ডুবে রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬) নামে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবিয়া ও সাহাদ উল্লাহ ওই গ্রামের সারোয়ার হোসেনের সন্তান। রাবিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দুই ভাইবোন নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে সাহাদ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে রাবিয়া। এ সময় দুজনই পানিতে ডুবে যায়।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।