জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাম্প্রতিক অভ্যন্তরীণ কেলেঙ্কারি থেকে জনগণের দৃষ্টি সরাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ অভিযোগ করে।
সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত ও শিবিরের বিতর্কিত কর্মকাণ্ড ফাঁস হওয়ায় তারা সশস্ত্র তাণ্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিজেদের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের কথা উল্লেখ করে ছাত্রদল জানায়, সেখানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যে ছাত্রশিবির পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে। আয়োজন ভণ্ডুল হওয়া থেকে রক্ষা করতে ও ক্যাম্পাসে পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। পরবর্তীতে শিবিরের উসকানিমূলক আচরণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সশস্ত্র মহড়া, অনলাইনে জামায়াত ও শিবিরের নেতাদের উসকানিমূলক বক্তব্য এবং সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটানো হয়েছে।
ছাত্রদল স্পষ্ট করে জানায়, তারা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শক্ত অবস্থানে থাকবে।