লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত বিএনপি নেতা মিরন জমদ্দারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
অব্যাহতি পাওয়া মিরন একই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের মৃত রশিদ জমদ্দারের ছেলে।
ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও মিরনকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
জানা গেছে, সোমবার (৩ আগস্ট) মিরনের মাদক সেবনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে ইয়াবা ও গাঁজা সেবন করতে দেখা যায়।
এদিকে অভিযোগের বিষয়ে মিরন জমাদ্দার নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি দাবি করেন, ২০২২ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে তাকে মাদক সেবন করিয়েছে। তখন ওই ভিডিওটি ধারণ করা হয়। সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, মাদক সেবনের ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে দল থেকে মিরনকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।