দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেঁটে সৌদি আরবের পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ পালন করবেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে হেঁটে দীর্ঘ দূরত্বের যাত্রা শুরু করেছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর দোয়া নিয়ে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়ায় বড়ইচোরা গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করেন দুলাল হোসেন। তিনি ওই গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।
দুলাল হোসেনের এমন ব্যতিক্রমী উদ্যোগে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে। সকালে তাকে একনজর দেখতে এবং বিদায় জানাতে তার বাড়িতে ভিড় জমান শত শত গ্রামবাসী। বিদায় মুহূর্তে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
দুলাল হোসেনের প্রতিবেশী কাউসার হোসেন বলেন, দুলাল ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ কবুল করেন।
গ্রামের প্রবীণ বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে প্রকৃতির মানুষ। তিনি সর্বদাই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই তিনি এই পথযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ যেন তার সৎ নিয়ত কবুল করেন।
নিজের অদম্য ইচ্ছার কথা জানিয়ে দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘর তাওয়াফ করার ব্যাকুল আকুলতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও অত্যন্ত কষ্টসাধ্য হলেও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই রওনা হয়েছি। আমি সুস্থভাবে যেন মক্কায় পৌঁছে হজ সম্পাদন করতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
এ সময় তিনি পথিমধ্যে বিভিন্ন দেশের সীমান্ত নিরাপদে অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ ও সহায়তা কামনা করেন।