Image description

স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের নেতৃত্বেই এনসিপি নামক নতুন রাজনৈতিক দলটি গড়ে উঠেছে।

 

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সমাবেশে তিনি বলেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই আজকে নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের তৈরি করেছে। বাংলাদেশে বিরোধী দল মূলত একটাই—সেটি জামায়াত-শিবির। এনসিপি নামে নতুন যে ছাত্র সংগঠন বা দল তৈরি করা হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বেই একাকার হয়ে গেছে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী ধারা মূলত দুটি—একটি জামায়াত-শিবির এবং অপরটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী দল। এরা প্রতিনিয়ত গায়ে পড়ে ঝগড়া করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। দেশের মানুষ এখনও ধৈর্য ধরে আছে। বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল, যার নিজস্ব গঠনতন্ত্র ও নিয়মকানুন রয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন বক্তব্য বিএনপিতে সহ্য করা হয় না। তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর। দল থেকে বহিষ্কৃতদের তালিকা দেখলেই বোঝা যায়—এখানে কোনো বেয়াদবের প্রশ্রয় নেই।

 

 

জুলাই আন্দোলন প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর এরা শুধু জুলাই স্মৃতিকে নয়, পুরো বাংলাদেশকে বিভক্ত করেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে আমাদের চোখের সামনে কৃষকদল নেতা সজীবকে হত্যা করা হয়েছিল। তখন এই তথাকথিত রাজাকারেরা কোথায় ছিল? ১৭ বছর কোথায় ছিল? এরা আসলে ৫ আগস্ট-পরবর্তী ‘জুলাইযোদ্ধা’। আন্দোলন-সংগ্রামে প্রকৃতপক্ষে এদের কোনো ভূমিকা ছিল না।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতারা।