Image description

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

 

আটকের পর দালালদের মধ্যে মো. ফেরদাউসকে (২৩) ৭ দিন, মো. আরিফ হোসেনকে (৪০) ৭ দিন, অনিক রহমান পরশ ওরফে রকিকে (২০) ১০ দিন, মো. ইউসুফকে (২১) ১০ দিন, রহিদুল ইসলামকে (২৩) ১০ দিন, মো. হানিফকে (৪২) ২০ দিন, মো. খোরশেদ আলমকে (৪০) ১৫ দিন, মো. রাসেল মিয়াকে (৪৯) ১৫ দিন, মো. জুয়েল রানাকে (৩২) ৫ দিন, মো. ইসমাইল হোসেনকে (২৪) ১০ দিন, মো. মমিনকে (২২) ২০ দিন, শ্রাবনী আক্তার অনুকে (২৩) ১০ দিন এবং মো. ওমর সানিকে (৩২) ১০ দিন কারাদণ্ড প্রদান করা হয়।

 

র‌্যাব-১ অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এবং মিডিয়া অফিসার) মো. সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে দুজনকে ৭ দিন, সাতজনকে ১০ দিন, দুজনকে ১৫ দিন, দুজনকে ২০ দিন এবং একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জন পুরুষকে কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে এবং এক নারীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে পাঠানো হয়েছে।

 

পাসপোর্ট প্রত্যাশী সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।