জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন খ্যাতিমান গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক মন্তব্যের জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চিকিৎসা দরকার’।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লেখেন, ‘মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো একটা “লম্বকর্ণ চতুষ্পদ বিশেষের” কাছ থেকে শুনতে হবে না।’
এরপর তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে আরও লেখেন, ‘মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে প্রায়শ বিভ্রান্ত হয়ে আজেবাজে বকা, অস্বাভাবিক আচরণ করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি বক্তব্যই শুরু হয় ব্যক্তি আক্রমণ দিয়ে। ভুলে যায়, রাজনীতিতে শিষ্টাচার থাকা কতটা জরুরি। কেউই অহংকারী আর বেয়াদব পছন্দ করে না।’
স্ট্যাটাসের শেষদিকে প্রিন্স মাহমুদ মন্তব্য করেন, ‘সত্যিকার অর্থে না চাইতেই প্রচুর প্রাপ্তিযোগ এই ছেলের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছে না। শারীরিক অবস্থা জরুরি চিকিৎসাকেন্দ্রিক অবস্থায় আছে। চিকিৎসা দরকার।’
প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর পরপরই প্রিন্স মাহমুদের এই প্রতিক্রিয়া সামনে আসে।
এদিকে বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার কারণেই বারবার হামলার শিকার হতে হচ্ছে তাকে। তাই আপাতত আর কোনো মন্তব্য করবেন না বলেও ঘোষণা দেন।
নাসীরুদ্দীন বলেন, ‘আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এ জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে।’
এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা এবং সিলেটের গোলাপগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগও তুলে ধরেন তিনি। এসব ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর সমালোচনা করে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। তার দাবি, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণই এর জবাব দেবে।
প্রিন্স মাহমুদের স্ট্যাটাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে প্রিন্স মাহমুদের স্ট্যাটাসের কোনো সরাসরি প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।