Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবেন না। ছয় মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন তিনি। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার।’

আজ শুক্রবার বিকালে সিলেটের কোম্পানীগঞ্জের সদর পয়েন্টে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদ।

ব্যবসায়ীদের উদ্দেশে পাটওয়ারী বলেছেন, ‘আজ থেকে কেউ চাঁদা দেবেন না। সরকারি অফিসে ঘুষও দেবেন না।’

নিজের বক্তব্যের ভাষা নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘আমি একটু ওইভাবেই কথা বলি, সহ্য করতে হবে। ক্ষমতায় বসলে গন্ডারের মতো সহনশীল হতে হবে, তবে এমন গন্ডার হওয়া যাবে না, যাকে নাড়া দিলেও নড়ে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, ‘বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে তিনি দেশে ফিরলে জনগণ তার বিচার নিশ্চিত করবে।’

ছাত্রদলের প্রসঙ্গে এনসিপির এই নেতা বললেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল, তা অস্বীকারের সুযোগ নেই। তবে ৫ আগস্টের পর লুটপাটে কারা জড়িত ছিল, সেই প্রশ্নও রয়েছে।’

সীমান্ত হত্যা, কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি এবং হযরত শাহজালাল (র.)-এর মাজার ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন মন্তব্য করেন নাসীরুদ্দীন। তিনি সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় চালুর দাবি জানান এবং মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যে শক্তি গড়ে উঠেছে, তারা নতুন কোনো স্বৈরাচারের উত্থান হতে দেবে না।’

তিনি অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারে দলীয়করণ হচ্ছে। একই সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখল, টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগও তুলেন তিনি।

পথসভা শেষে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার উদ্দেশে রওনা হয়। এদিকে, হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে হামলার ঘটনার প্রেক্ষাপটে কোম্পানীগঞ্জের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে কোম্পানীগঞ্জে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।