Image description

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় ও তারিখ নিয়ে সব সময় কৌতূহল থাকে। এই কৌতূহল মেটাতে জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিকভাবে এবং চান্দ্র মাসের হিসাব কষে এসব তথ্য জানিয়ে থাকেন।

 

এবার ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী ২০২৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

 

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে।

 

তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকেই শুরু হবে সিয়াম সাধনার মাস।

 

সংবাদমাধ্যমটি একই সঙ্গে সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণও জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা হলে ৯ মার্চ (মঙ্গলবার) উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

 

উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস মূলত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রগতির কারণে জ্যোতির্বিজ্ঞানীরা আগাম গাণিতিক ধারণা দিলেও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নেওয়া হয়।

 

মূলত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়ে থাকে।