Image description

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যানার ছাড়াই প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বিকাল পৌনে ৬টার দিকে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে মাত্র ৭ জন নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন হবিগঞ্জের ঘটনা 'বর্বরোচিত' আখ্যা দিয়ে বললেন, ‘হবিগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে।’

বর্তমান সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন, ‘অতীতে আমরা বাংলাদেশে যে ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখেছি, বর্তমান সরকারের আচরণেও তার প্রতিফলন স্পষ্ট। আমরা এমন বাংলাদেশ চাইনি। দেশবাসী একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়।’

মাত্র সাতজন নেতাকর্মী নিয়ে কর্মসূচি পালনের কারণ জানতে চাইলে আলমগীর হোসেন জানান, ‘দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই আমরা কৌশলগতভাবে কম সংখ্যক নেতাকর্মী নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।’

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুসদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী এবং ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।