বাংলাদেশ সচিবালয়ে পর্যটন করপোরেশন পরিচালিত এক্সিকিউটিভ ক্যান্টিন আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। আজ বুধবার দুপুরে তিনি সেখানে উপস্থিত হয়ে খাবারের মান, পরিচ্ছন্নতা, পরিবেশ ও সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে সেবার মান নিশ্চিত করতে নিয়মিত এমন সারপ্রাইজ ভিজিট চালানের ঘোষণা দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী ক্যান্টিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন। উপস্থিতদের উদ্দেশে মন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা জরুরি। এ ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
স্থান স্বল্পতার দিকটি তুলে ধরে মন্ত্রী বলেন, ক্যান্টিনের বর্তমান পরিসর তুলনামূলক ছোট, তাই দ্রুত এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। খাবারের মান বা পরিবেশ নিয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সরাসরি তাকে অথবা কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে ক্যান্টিন পরিচালনাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।