Image description

হরমুজ প্রণালির চলমান সংকট এবং আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদন বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপির প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশই সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে দেশে যে পরিমাণ সার মজুদ রয়েছে, তা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাসের সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিতে উৎপাদন বন্ধ রয়েছে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ডব্লিউএফপির মতে, সার সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট দেখা দিলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব দেশের খাদ্য নিরাপত্তার ওপর পড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান পরিস্থিতির কারণে দেশে খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থাটির আশঙ্কা, এই সংকট বিদ্যমান পরিস্থিতিকে আরও তীব্র করে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

শীর্ষনিউজ