ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক। তার আগমনকে ঘিরে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। তাকে ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা দেখা গেলেও আতিফ আসলাসের এই সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মুহিন খান।
আজ বৃহস্পতিবার মুহিন খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি কনসার্টের আয়োজকদের তীব্র সমালোচনা করে লেখেন, ‘নাম দিয়েছে কনসার্ট সোসাইটি ফর বাংলাদেশ, এদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই। বার বার ফ্যাসিবাদের সাথে চলে আর বেসুরো লোকদের নিয়া আসে, এদের বাপের ক্ষমতা থাকলে এদেরকে নিয়ে ওদের দেশে এই অনুষ্ঠান করে দেখাক।’
আতিফ আসলামের পাশের ব্যক্তির দিকে ইঙ্গিত করে তিনি আরও মন্তব্য করেন, ‘এই সাদা ভদ্রলোক অরিজিনাল পাকি দালাল। আপনি বা এরা দেশের শিল্পী বাঁচান আন্দোলনে কখনও আসেনি। আবার এরাই ফ্যাসিবাদের সাথে ১৭ বছর আঁতাত করে এখনও সরব। ধিক্কার জানাই, আমাদের দেশের শিল্পীদের মেরে ফেলার জন্য এরাই দায়ী। আমাদের দেশের শিল্পী বাঁচান।’
দেশের বর্তমান পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে মুহিন লেখেন, ‘এদেশে বন্যা বয়ে যাচ্ছে অথচ ভন্ডরা ভ্রুক্ষেপহীন। আগে আমাদের সংস্কার করার অনুরোধ জানাচ্ছি।’
স্ট্যাটাসের শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সুদৃষ্টি আশা করি।’ এবং শেষে হ্যাশট্যাগ ব্যবহার করেন—‘সবার আগে বাংলাদেশ’।
মুহিন খানের এই ফেসবুক পোস্টটি প্রকাশের পরপরই বিনোদন জগতে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
নেটিজেনদের একাংশ দেশীয় শিল্পীদের সমর্থনের বিষয়ে মুহিনের সাথে একমত পোষণ করলেও, অন্য অংশটি আবার বিদেশি শিল্পীদের এনে আন্তর্জাতিক কনসার্ট আয়োজনের পক্ষে মতামত দিচ্ছেন।