বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ বর্তমান আইনগত পরিস্থিতিতে বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংবিধানের বিধান অনুযায়ী গাজী নজরুলের ক্ষেত্রে এমপি পদ শূন্য হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
বুধবার (২২ জুলাই) রাতে এক প্রতিক্রিয়ায় চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হতে পারে। কিন্তু গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই তার সংসদ সদস্য পদ বহাল থাকবে।
জামায়াতে ইসলামী যদি স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে তার সদস্যপদ বাতিলের আবেদন করে, তাহলে কী হবে—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, সে ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। তবে সেখানে মূল বিষয় হবে, তিনি স্বেচ্ছায় দল ছেড়েছেন কি না।
অন্যদিকে, এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’-এর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু গাজী নজরুলের ক্ষেত্রে ঘটেছে ‘বহিষ্কার’। তিনি জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করছে।
শিশির মনিরের মতে, এ অবস্থায় গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।
শীর্ষনিউজ