Image description

গাজীপুরের কাশিমপুর ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ থেকে পালিয়েছেন এক নারী বন্দি। তার নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনীর রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকা ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে জানতে ওই কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও জেলার শিরিন আক্তারকে অনেকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাসূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বন্দির হিসাব না মেলায় বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

কারা সূত্রের ভাষ্য, নিয়ম অনুযায়ী বিকাল ৫টার মধ্যে বন্দিদের লকআপ করতে হয়। ওই সময়ের মধ্যে বন্দিদের লকআপ না করায় এক বন্দি কৌশলে কারাগার থেকে পালিয়ে যায়।