সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ (সোলার) উৎপাদন করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ (সোলার) উৎপাদন করা। সোলারে কোনো জ্বালানি খরচ নেই। ফলে বিদেশ থেকে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি কমে যাবে এবং দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
তিনি বলেন, যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ প্রান্তিক পর্যায়ে বা গ্রামে মাসে সাধারণত ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। দেশের প্রান্তিক মানুষ যেন কষ্ট না পান, সেই চেষ্টা আমরা করেছি।
মন্ত্রী বলেন, সরকার দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’-এর মতো কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয়নি—এটি কি কোনো আন্দোলনের বিষয় হতে পারে?
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ অনেকেই।