Image description

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, রাত ৪টার দিকে ফুটপাতে শুয়ে থাকা মধ্যবয়সী ওই নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি আসেন। এরপর তিনি তাকে নির্যাতন করে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদারকে ঘটনাস্থলে আসতে দেখা যায়।

পুলিশ অভিযুক্ত হিসেবে উপজেলার দুর্গাপুর এলাকার খোকনকে (৫০) শনাক্ত করেছে। তিনি স্থানীয় দুলা মিয়ার ছেলে। এলাকাবাসীর দাবি, খোকন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে পুলিশ বিষয়টি জানতে পারে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ‘ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশের একাধিক টিম অভিযুক্তকে আটকের চেষ্টা করছে। ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।’