Image description

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত চারদিন ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

 

শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুস্তাফা মনোয়ারকে হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

 

মেরী মনোয়ার বলেন, ‘ওনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল।

চিকিৎসকদের পরামর্শেই আইসিইউতে রাখা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, নিউমোনিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছেন মুস্তাফা মনোয়ার।

গত কয়েক বছর ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে একবার তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টেও নিতে হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলেও সাম্প্রতিক এই সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বলে রাখা যায়, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পী, শিক্ষক, উপস্থাপক ও পাপেট শিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। বিশেষ করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচকে আধুনিক মাধ্যমে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অনন্য। শিশু-কিশোরদের জন্য নির্মিত তার বিভিন্ন অনুষ্ঠান এখনও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করে তাকে।