Image description

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন এনসিপি নেতা আকরাম।

তিনি ফেসবুক পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্রিগেডিয়ার রাশেদ পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে তাকে ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত যেতে বলা হয়।

আকরাম বলেন, কচুক্ষেত তার কাছে না গেলে নাকি আমার সর্বনাশ করে ছাড়বে—এই বলে হুমকি দেয়। আমাকে বারবার কচুক্ষেত গিয়ে তার সঙ্গে দেখা করতে বলে।

পরে তাকে আইনগতভাবে আমি কচুক্ষেত যেতে বাধ্য না বললে গালাগাল করে ফোন কেটে দেয়।

 

আকরাম বলেন, আমি জানি না সে আসলে কে। আমার সঙ্গে ঘটা জিনিসটা পাবলিক করে রাখলাম। সত্যিই যদি সেনাবাহিনী এখনো রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে বা হস্তক্ষেপ করার চিন্তা করে, তাহলে তারা বড় ভুল চিন্তা নিয়ে আগাচ্ছে।

আর কেউ সেনাবাহিনীর নামে এভাবে সাধারণ জনগণকে হুমকি দিলে সেটা আল্টিমেটলি সেনাবাহিনীর বদনাম হয়। তাদের উচিত এইসব প্রতারকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করা।

 

আকরাম হুসাইনের ওই পোস্টে মন্তব্যের ঘরে আরো কয়েকজন একই নম্বর থেকে ফোন পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা বলছেন, সম্ভবত কোনো প্রতারক চক্র সেনাবাহিনীর নাম ব্যবহার করে এটি করছে।